১৩ ফেব্রুয়ারি ২০১৬ - ১৪:০৫
মিউনিখ সম্মেলন: যে দাবিতে অনড় সৌদি আরব

পাশাপাশি সৌদি আরব যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় স্পেশাল ফোর্স পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে।

আবনা ডেস্ক: সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে আর্ন্তজাতিক সমাজ একমত হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে অপসারণের জন্য এখনো পীড়াপিড়ি করছে সৌদি আরব। শুধু তাই নয়, এর পাশাপাশি সৌদি আরব যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় স্পেশাল ফোর্স পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে।
গতকাল (শুক্রবার) জার্মানির মিউনিখ শহরে ‘ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপ’ সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়। প্রস্তাব অনুযায়ী, সিরিয়ার যেসব শহর অবরুদ্ধ অবস্থায় রয়েছে সেসব শহরে দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে ত্রাণ পাঠানোর ব্যবস্থা নিতে হবে।
কিন্তু সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আজ-জুবায়ের বলেছেন, “এ অঞ্চলে চরমপন্থা ও সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়ার বিষয়ে প্রেসিডেন্ট আসাদ হচ্ছেন এককভাবে সবচেয়ে কার্যকর ব্যক্তি এবং দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা আর সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে পরাজিত করার জন্য তার অপসারণ খুবই জরুরি।” আদেল খোলাখুলিই বলেছেন, “আসাদের অপসারণ হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এবং আমরা সে লক্ষ্য অর্জন করব।” সিরিয়ায় পরিবর্তন না হওয়া পর্যন্ত দায়েশ পরাজিত হবে না বলেও তিনি ঘোষণা দিয়েছেন। আদেল সিএনএন টিভি চ্যানেলকে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় স্থল সেনা পাঠালে সৌদি আরবও স্পেশাল ফোর্স পাঠাবে।
তবে, আন্তর্জাতিক রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা বলে আসছেন, সৌদি আরব হচ্ছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রধান পৃষ্ঠপোষক এবং রিয়াদের সব ধরনের সমর্থন নিয়ে এ সন্ত্রাসী গোষ্ঠী আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই করছে।#